যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এয়ার ফোর্স ওয়ান হিসেবে সাময়িকভাবে ব্যবহারের জন্য কাতারের কাছ থেকে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ধার চেয়েছিলেন তিনি। তবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উড়োজাহাজটি ধার দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন বলে দাবি করেছেন ট্রাম্প।
বুধবার অ্যারিজোনায় এক সমাবেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বর্তমান উড়োজাহাজগুলো প্রায় ৩৫ বছরের পুরোনো। নতুন উড়োজাহাজ সরবরাহ না পাওয়া পর্যন্ত বিকল্প হিসেবে ব্যবহারের জন্য তিনি কাতারের আমিরের কাছে সাময়িকভাবে একটি বোয়িং ৭৪৭ চেয়েছিলেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কাতারের আমির তাঁকে বন্ধু হিসেবে উল্লেখ করে উড়োজাহাজটি ধার দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়ার প্রস্তাব দেন। পরে ট্রাম্প জানান, তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপহারটি গ্রহণ করেছেন।
কাতারের দেওয়া উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ভিসি-২৫বি কর্মসূচির আওতায় বিকল্প হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন দুটি প্রেসিডেন্টের উড়োজাহাজ সরবরাহ না পাওয়া পর্যন্ত এটি ব্যবহারের কথা রয়েছে। উড়োজাহাজ দুটি ২০২৮ সালে সরবরাহের কথা রয়েছে।