ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ সমাজকর্মীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১০, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
নোয়াখালীর কবিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই কর্মকর্তার একটি ভিডিও এবং ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ঘুষ দাবির অভিযোগসংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযুক্ত কর্মকর্তার নাম মফিজুর রহমান। তিনি কবিরহাট উপজেলার নরোত্তমপুর, ধানসিঁড়ি, সুন্দলপুর ও বাটইয়া ইউনিয়ন এবং কবিরহাট পৌরসভা এলাকায় সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় সাড়ে চার মিনিটের একটি ভিডিওতে এক নারীর সঙ্গে মফিজুর রহমানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন মফিজুর রহমান। তার দাবি, ওই নারী তার পূর্বপরিচিত। একদিন ওই নারী তাকে একটি কক্ষে নিয়ে শরবতের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে খাওয়ান। এরপর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন অভিযুক্ত কর্মকর্তা।
এদিকে, আরেক নারীকে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও কথোপকথনও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কবিরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ ও ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান জানান, অভিযোগ তদন্তে সহকারী পরিচালককে (প্রশাসন, অর্থ ও প্রতিষ্ঠান শাখা) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে উঠে আসা তথ্য ও সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।