বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকা প্রকাশ, বড় ধাক্কা আর্জেন্টিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকা প্রকাশ, বড় ধাক্কা আর্জেন্টিনার

বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ট্রান্সফারমার্কেট। দীর্ঘ কয়েক বছর পর এবার বিশ্বের সবচেয়ে দামি ১০ ফুটবলারের তালিকায় জায়গা পাননি কোনো আর্জেন্টাইন খেলোয়াড়। তালিকার শীর্ষে যৌথভাবে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। দুজনেরই বাজারমূল্য ২২০ মিলিয়ন ইউরো। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের মূল্য ২০০ মিলিয়ন ইউরো। খবর টিওয়াইসি স্পোর্টসের। 

তালিকার দশম স্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে গত দুই বছরেরও কম সময়ে তার বাজারমূল্য কমেছে ৭০ মিলিয়ন ইউরো। অন্যদিকে, ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বাজারমূল্য দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কটের সর্বশেষ হিসাবে শীর্ষ পাঁচে আধিপত্য ইউরোপীয় ক্লাব ফুটবলের তারকাদের। শীর্ষ তিনে রয়েছেন লামিনে ইয়ামাল, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে। তাদের পর চতুর্থ স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল অলিসে। তার বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো, যা গত এক বছরে বেড়েছে ৫০ মিলিয়ন ইউরো। ২০২৫ সালের অক্টোবরে তার মূল্য ছিল ১৩০ মিলিয়ন ইউরো।

এরপর পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, যার মূল্য ১৬০ মিলিয়ন ইউরো। ষষ্ঠ স্থানে বার্সেলোনার পেদ্রি, তার বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো। তালিকার সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের তিন ফুটবলার জোয়াও নেভেস, খভিচা কাভারাস্খেলিয়া ও ভিতিনিয়া। তিনজনেরই বাজারমূল্য ১৪০ মিলিয়ন ইউরো।

দশম স্থানে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের বর্তমান বাজারমূল্য ১৩০ মিলিয়ন ইউরো। একসময় ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে তার মূল্য ছিল ২০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ, দুই বছরেরও কম সময়ে তার বাজারমূল্য কমেছে ৭০ মিলিয়ন ইউরো।

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় ১২০ মিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে একাদশ স্থানে রয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। একই মূল্য নিয়ে তার সঙ্গে এই অবস্থানে রয়েছেন ইয়ান দিয়োমান্দে, দেজিরে দুয়ে, এলিয়ট অ্যান্ডারসন, মরগান রজার্স ও ডেকলান রাইস।

চেলসি থেকে ম্যানচেস্টার সিটিতে ১৪৫ মিলিয়ন ইউরোতে যোগ দেয়ার পর এটিই এনজোর প্রথম বাজারমূল্য হালনাগাদ। এই হিসাবে তিনি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হিসেবে উঠে এসেছেন।

তৃতীয় স্থানে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ, যার বাজারমূল্য ১১০ মিলিয়ন ইউরো। অ্যাথলেতিকো মাদ্রিদের হয়ে সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সে ওঠানামা থাকায় আলভারেজের বাজারমূল্য কমেছে। তবে তিনি এখনো দক্ষিণ আমেরিকার সবচেয়ে দামি সেন্টার ফরোয়ার্ড।

শীর্ষ ১৫ দামি খেলোয়াড়ের তালিকায় আরও রয়েছেন আর্জেন্টিনার লাউতারো মার্তিনেজ (৮৫ মিলিয়ন ইউরো), নিকোলাস পাজ (৮০ মিলিয়ন ইউরো) ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (৭০ মিলিয়ন ইউরো)।