বাবুগঞ্জে গৃহবধূর ঘরে কলেজ শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক, গণপিটুনির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ১৪:৩৬ অপরাহ্ণ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার শরিকল বাজার এলাকায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আগরপুর ডিগ্রি কলেজের এক প্রভাষককে স্থানীয়রা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে গণপিটুনি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরিকল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমান আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক। তিনি নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় প্রভাষক মোকাদ্দেছুর রহমান শরিকল বাজার এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় স্থানীয় এক গৃহবধূর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে এলাকায় আলোচনা চলছিল বলে জানা যায়।
স্থানীয়দের দাবি, ওই গৃহবধূর স্বামী আজাদ হাওলাদার দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শরিকল গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। স্বামীর অসুস্থতার সুযোগে ওই নারীর সঙ্গে প্রভাষকের ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, এমন অভিযোগ স্থানীয়ভাবে আলোচিত ছিল।
এরই মধ্যে বুধবার সন্ধ্যায় সন্দেহের ভিত্তিতে স্থানীয়রা ওই নারীর ঘরে গিয়ে প্রভাষককে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেন বলে জানা গেছে।
তবে এ ঘটনায় প্রভাষক মোকাদ্দেছুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও জানা যায়নি।