দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি

দেশে নিম্নস্তরের বা কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানা গেছে।

তবে প্রজ্ঞাপনে অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রয়েছে; যার মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেট ৯২ টাকা, উচ্চ স্তর ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তর ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল থাকছে।

সম্প্রতি নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়।

তবে নতুন সিদ্ধান্তের ফলে এই স্তরে আরও ৩ টাকা বেড়ে ন্যূনতম দাম দাঁড়াল ৬৫ টাকা। এ ছাড়া বাজেটের মধ্যম স্তরের ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অতি-উচ্চ বা প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।