কলকাতায় বেশ কিছু সড়ক-স্থাপনার নাম বদলের উদ্যোগ, বাদ যেতে পারে মার্কস-লেনিন-তিতুমীরের নাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
কার্তিক মহারাজ নামে পরিচিত ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রদীপ্তানন্দের নেতৃত্বে গঠিত ১০ সদস্যের ওই কমিটি দুর্গাপূজার পর প্রথম বৈঠকে বসতে পারে। কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। ওই বৈঠকে কলকাতার বিভিন্ন সড়কের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নাম পরিবর্তনের জন্য বিবেচনায় থাকা তিনটি সড়ক হলো—লেনিন সরণি, কার্ল মার্কস সরণি ও হো চি মিন সরণি। কমিটির সদস্য ও বিজেপির জ্যেষ্ঠ নেতা তথাগত রায় ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে বলেন, ‘এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। অক্টোবরে দুর্গাপূজার পর সুপারিশ করা হবে।’
তথাগত রায় জানান, কিডারপুরের কার্ল মার্কস সরণির নাম পরিবর্তন করে বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্ত অথবা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের নামে করার প্রস্তাব দিয়েছেন তিনি। ওই এলাকার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি এ প্রস্তাব দেন। এছাড়া আগে ধর্মতলা স্ট্রিট নামে পরিচিত লেনিন সরণির নাম পরিবর্তন করে গণিতবিদ ও সাবেক ভারতীয় জনসংঘ সভাপতি দেবপ্রসাদ ঘোষের নামে করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
তথাগত রায় বলেন, ‘এসবই সুপারিশ হিসেবে পূজার পর জমা দেয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন (কেএমসি)।’
শহরের কেন্দ্রস্থল এসপ্ল্যানেড মোড়ে থাকা লেনিনের মূর্তি সরানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তথাগত রায় বলেন, ‘এ বিষয়ে কোনো প্রস্তাব এলে বোর্ড বিষয়টি সেভাবেই বিবেচনা করবে বলে আশা করি।’
হো চি মিন সরণির নাম পরিবর্তন করে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের নামে করার প্রস্তাব দিয়েছেন তথাগত রায়। এছাড়া মুসলিম ব্যক্তিদের নামে থাকা কয়েকটি স্থানের নাম বদলে ‘জাতীয়তাবাদী মুসলিম’ হিসেবে পরিচিত ব্যক্তিদের নামে করার প্রস্তাব দিয়েছেন তথাগত রায়। এর মধ্যে বারাসাতের তিতুমীরের নামে থাকা বাসস্ট্যান্ডটির নাম পরিবর্তন করে লেখক কাজী আবদুল ওদুদ, শিক্ষাবিদ বেগম রোকেয়া অথবা লেখক এস ওয়াজেদ আলীর নাম দেয়ার প্রস্তাবও করেছেন তিনি।
তথাগত রায় বলেন, ‘টালিগঞ্জ-গড়িয়া রুটের ব্লু লাইনের কয়েকটি মেট্রো স্টেশনের নামও সংশ্লিষ্ট এলাকার নাম অনুযায়ী পরিবর্তন করার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছি। এতে যাত্রী ও ওই এলাকার বাসিন্দাদের সুবিধা হবে।’
মেঘালয়ের সাবেক রাজ্যপাল তথাগত রায় কলকাতার একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম সরদার বল্লভভাই প্যাটেলের নামে করারও দাবি জানিয়েছেন। তথাগত রায় ছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশনের কমিশনার স্মিতা পাণ্ডেসহ আরও কয়েকজন এই কমিটির সদস্য।
তথাগত রায় জানান, কমিটির সুপারিশ পরে রাজ্য বিধানসভায় পাঠানো হবে।
এদিকে এসব প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অংশ। দলটি এই উদ্যোগকে ‘প্রতিহিংসার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কমিউনিস্টদের সঙ্গে তাদের মতাদর্শগত পার্থক্য থাকতে পারে। তবে লেনিন সরণির নাম পরিবর্তন করা উচিত নয়।
তিনি বলেন, ‘তারা যদি লেনিন সরণির নাম পরিবর্তনের চেষ্টা করে, তাহলে বিষয়টি শুধু কমরেড লেনিনকে ঘিরে থাকবে না। এর মধ্য দিয়ে বোঝা যাবে, ভিন্ন বিশ্বাস, দর্শন বা চিন্তাধারার বিশিষ্ট ব্যক্তিদের প্রতি তারা কোনোভাবেই সহনশীলতা বা সম্মান দেখাতে রাজি নয়।’
কুণাল ঘোষ বলেন, কমরেড লেনিনের নাম জড়িত থাকায় সিপিআই(এম) অবশ্যই নাম পরিবর্তনের বিরোধিতা করবে এবং তৃণমূলও এর বিরোধিতা করবে। তিনি বলেন, ‘লেনিন সরণি ছিল, আছে এবং থাকবে।’
কুণাল বলেন, ‘কাউকে অপমান করা বা কোনো নির্দিষ্ট দর্শনকে অসম্মান করার উদ্দেশ্যে যদি সড়কের নাম পরিবর্তন করা হয়, তাহলে কোনোভাবেই তা মেনে নেয়া হবে না।’
কলকাতার মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব প্রসঙ্গে তৃণমূলের এই বিধায়ক বলেন, বিভিন্ন এলাকার সঙ্গে তাদের সম্পৃক্ততার কারণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে প্রতীকীভাবে এসব নাম দেয়া হয়েছিল এবং মানুষও তা গ্রহণ করেছে।