হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৬, ১৫:৫৩ অপরাহ্ণ
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’ চিকিৎসাসেবায় গাফিলতি ও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ও সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বেশ কিছু অনিয়ম তাঁর নজরে আসে। তিনি হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন।
রোগী ও তাঁদের স্বজনরা মন্ত্রীর কাছে অভিযোগ করে জানান, প্রয়োজনের সময় অনেক ক্ষেত্রে ডাক্তারদের ডেকে পাওয়া যায় না। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নার্সদের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার অভিযোগও তুলে ধরেন তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ শুনে দ্রুত প্রতিকারের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না।