নবগ্রাম রোডে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ : আশংকাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২৬, ২১:৩৮ অপরাহ্ণ
নবগ্রাম রোডে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ : আশংকাজনক অবস্থায় পঙ্গু হাসপাতালে প্রেরণ

রাইজিং ডেক্সঃ
নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নীচে রাখার কারণে ধারালো অস্ত্র দিয়ে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না নামে এক যুবককে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। আহত মুন্না নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা লিটন খানের ছেলে।

আজ রবিবার সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল নগরীর নবগ্রাম রোডের নলিদাস পোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এসময়ে গুরুতর আহত অবস্থায় মুন্নাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখানে মুন্নার অবস্থা আশংকাজনক হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় পঙ্গু হাসপাতালে রেফার করেন অর্থোপেডিক্স ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক।

আহতের বাবা লিটন খান বলেন, গত শুক্রবার রাতে আমাদের নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নীচে রাখার কারণে প্রতিপক্ষের সঙ্গে ঝগড়াঝাটি হয়। শুক্রবার রাতেই বিবদমান বিষয়টি সমাধান হয়।
কিন্তু তার একদিন পরে অর্থাৎ রবিবার সকালে আমার ছেলে মুন্না নলিদাস পোল এলাকায় কাজের জন্য গিয়েছিলো। এসময়ে আমার ছেলেকে একা পেয়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়।

এই হামলায় অংশ নেয় একই এলাকার বাসিন্দা মিলন খান, কালাম খান ও তার ছেলে রানা খান, সামসু হাওলাদারের ছেলে হিমেল হাওলাদার ও বাদশার স্ত্রী নার্গিস বেগম।

আহতের মা কুলসুম বেগম বলেন, হামলার ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় লিখিত এজাহার দায়ের করেছি।

এদিকে বরিশাল কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, নবগ্রাম রোডে হামলার ঘটনায় আহতের মা কুলসুম বেগম থানায় এসেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।