সালমান আগার আগে পাকিস্তানের কেউ যা পারেননি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ১৪:৩৫ অপরাহ্ণ
সালমান আগার আগে পাকিস্তানের কেউ যা পারেননি

পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন সালমান আগা। ইংল্যান্ডকে নিয়ে আয়োজিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে পাকিস্তান। দলের এই জয়ে ৯০ বলে ১০৭ রানের দারুণ ইনিংস খেলেন আগা। তার ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছক্কা। খবর এনডিটিভির। 

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান অলআউট হওয়ার আগে ৩০৫ রান সংগ্রহ করে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ২৬৮ রানে।

পাকিস্তান ১০৬ রানে ৩ উইকেট হারানোর পর পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন আগা। চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি। এই সেঞ্চুরির সুবাদে ওয়ানডেতে পাঁচ নম্বর বা তার নিচের পজিশনে ব্যাট করে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি শতকের মালিক হয়েছেন আগা।

এই পজিশনগুলোতে ব্যাট করে আগার ওয়ানডে সেঞ্চুরি এখন চারটি। তিনটি শতক নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় কাটানোর পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার। গত আগস্টের পর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি আগা।

এর মধ্যে পাকিস্তানের টি-টোয়েন্টি ও টেস্ট দল থেকে জায়গা হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি অধিনায়কত্বও হারাতে হয়েছিল তাকে। তবে এসব ব্যর্থতায় ভেঙে না পড়ে ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেন তিনি। সেখানে ধারাবাহিক রান করে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি নিজের ব্যাটিংয়ের কারিগরি দুর্বলতাগুলোও শুধরে নেয়ার সুযোগ পান।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের গুরুত্ব তুলে ধরেন আগা। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে ফর্ম হারানো খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটে ফিরে ভালো করলে সেই পারফরম্যান্সকে যথাযথ গুরুত্ব দেয়া উচিত।

আগা বলেন, ‘আমার মনে হয়, আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটকে যথেষ্ট সম্মান দিই না।’

জাতীয় দলের বাইরে থাকার সময় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজরেও ছিলেন আগা। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১ প্রতিযোগিতায় কিংসমেনের হয়ে খেলতে নেমে সেপ্টেম্বরের মাঝামাঝি অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করেন তিনি। এরপর পরের মাসের শেষের দিকে আরও একটি শতক তুলে নেন।

ঘরোয়া ক্রিকেটে পাঁচটি ম্যাচে তার এই রানবন্যা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।