মেগা প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২৫, ২২:৫৭ অপরাহ্ণ
মেগা প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে: উপদেষ্টা ফাওজুল কবির

ষ্টাফ রিপোর্টরঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেগা প্রকল্পের নামে এতদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।

শুক্রবার সকালে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের নামে লুটপাট ও অর্থ আত্মসাৎ করেছে। তেলের মাথায় তেল দিয়েছে। মেগা প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে।

এসময় অপর প্রশ্নের জবাবে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাই জনকল্যাণে অন্তর্বর্তী সরকারকে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সে কে, কোন দলের-সেটা দেখার বিষয় নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে বালুচরের কারণে নৌযান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খননের মাধ্যমে চ্যানেল চালুর করার উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় কিছু মানুষ এই প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেন। এমন অবস্থায় আজ পরিদর্শনে আসেন দুই উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, বিআইডব্লিউটিএর বিভাগীয় চেয়ারম্যান মো. মামুনুর রশিদ প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দেশের ছয়টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুজন উপদেষ্টা বরিশালের হিজলা উপজেলা সফরে এসেছেন। দুপুর পর্যন্ত তারা হিজলা উপজেলার পুরাতন লঞ্চঘাট, দীর্ঘ প্রায় এক যুগ ধরে পরিত্যক্ত মৌলভীরহাট লঞ্চঘাট এলাকা এবং বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেন। বিকেল ৩টায় হিজলা উপজেলা থেকে বাবুগঞ্জ-মুলাদীর সংযোগ সেতুর কার্যক্রম পরিদর্শন করেন দুই উপদেষ্টা।