মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৪ অক্টোবর বিকেলে উপজেলার চরকৃষ্ণপুর এলাকা সংলগ্ন নদীর তীরবর্তী পানি ও কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে চরকৃষ্ণপুর ঘাটের কাছে নদীতে কচুরিপানার সঙ্গে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কিশোরীকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন ও অপরাধের প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে নদীতে মরদেহটি ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত কিশোরীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।