মনপুরায় নিখোঁজের ৪ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২৫, ২২:৪০ অপরাহ্ণ
মনপুরায় নিখোঁজের ৪ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার

মনপুরা প্রতিবেদক ॥

ভোলার মনপুরায় মেঘনায় মাছ শিকার করে ঘাটে এসে নৌকা নোঙ্গর করার পর পড়ে গিয়ে নিখোঁজের ৪ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে জেলের মরদেহ হস্তান্তর করে।

শুক্রবার দুপুর ২ টায় উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আলমপুর সংলগ্ন মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে একইস্থানে সকাল ৮ টায় নোঙ্গর করা অবস্থায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হন ওই জেলে।

নিহত জেলে মহিউদ্দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল আবেদিনের ছেলে। তিনি ইসমাইল মাঝির নৌকার জেলে ও বাবুর্চির (রান্নার) দায়িত্বে ছিলেন।

নৌকার মাঝি ইসমাইল মাঝি জানান, সকাল ৮ টায় মাছ শিকার করে আলমপুর সংলগ্ন ঘাটে নৌকা নোঙ্গর করে রাখি। আমারা নেমে পড়ি। একপর্যায়ে নিহত জেলে মহিউদ্দিন নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে দুপুর ২ টায় একইস্থানে লাশ ভেসে উঠে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আইনিপ্রক্রিয়া শেষে জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।