বরিশাল নগরীতে শিশু হত্যা মামলায় নাক কাটা রুবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ২৩:৫৮ অপরাহ্ণ
বরিশাল নগরীতে শিশু হত্যা মামলায় নাক কাটা রুবেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ॥
দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে গর্ভবতী এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা মামলার প্রধান আসামি রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের খালেদাবাদ কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

এর আগে চলতি বছরের ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গর্ভের সন্তান হত্যার অভিযোগে বাদী হয়ে মামলাটি দায়ের খালেদাবাদ কলোনীর বাসিন্দা লাডলা’র মেয়ে সিম্মী (২৩)।

মামলার আসামিরা হলেন, একই এলাকার মৃত. আলতাফ শরীফের ছেলে রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল ও তার ভাই রাজন (৪২), ভুলু মিয়ার ছেলে হৃদয় (২৫), ছান্না মিয়ার ছেলে ছানি (২৬) ও আ. রহিমের ছেলে আছিব (১৮)।

মামলা সূত্রে জানা যায়, বাদীর বোন ১নম্বর স্বাক্ষী শিউলি (৩০) স্বামী সোহাগ কাজী পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

তার কাছে আসামিরা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। চলতি বছরের ৩ এপ্রিল রাত ৯ টার সময় ওই কলোনীর সামনে থাকা রুবেলের মুদির দোকানের সামনে বসে আসামিরা সোহাগ কাজীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে সোহাগ দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় সোহাগ কাজীকে তারা মারধর করে।

এসময় ঘটনাস্থলে ছুটে আসা সোহাগের গর্ভবতী স্ত্রী শিউলিকে রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল তার পেটে লাথি দেয়। প্রথমে আহত শিউলি শেবাচিম হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে তাকে (শিউলি) আলট্রাসোনোগ্রাম পরীক্ষা দেন এবং রিপোর্ট দেখে চিকিৎসক জানায়- গর্ভের শিশু মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে মারা গেছেন। পরে সিজারিয়ান ডেলিভারি করে শিউলির মৃত সন্তান বের করা হয়।

জানা গেছে, রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল ও তার সহযোগী আবুল বাসার ওরফে রাজন। এ দুই জন হলেন- পটুয়াখালী দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামের মৃত. আলতাফ শরীফের ছেলে। ডাকাতিসহ এলাকায় নানা অপকর্মে অভিযুক্ত থাকায় এলাকাবাসী নাক কাটা রুবেলের এক পা ভেঙ্গে দিয়েছিল। তারপর এলাকা ছেড়ে নগরীর বাংলাবাজার ‘শহীদ আলতাফ স্কুল’ সংলগ্ন এলাকায় এসে বসবাস শুরু করে নানা অপরাধমূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কোতোয়ালি মডেল থানায় নাক কাটা রুবেলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা রয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, নানা অপরাধের সাথে জড়িত রুবেল শরীফ ওরফে নাক কাটা রুবেল। গর্ভবতী এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।