বরিশাল জামায়াতের নেতৃত্বে রদবদল, নতুন অঞ্চল পরিচালক মতিউর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
বরিশাল জামায়াতের নেতৃত্বে রদবদল, নতুন অঞ্চল পরিচালক মতিউর রহমান আকন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চলের সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন এসেছে। অঞ্চল পরিচালকের দায়িত্ব থেকে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বুধবার (৭ অক্টোবর) সকালে নতুন অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে বরিশাল অঞ্চলের প্রথম অঞ্চল সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম, আঞ্চলিক সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিমের সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী জামায়াতের আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুল জব্বার, অঞ্চল টিমের সদস্য অধ্যাপক শাহ আলম, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসেন, বরগুনা জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান এবং পিরোজপুর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

দলীয় পর্যায়ে এই রদবদলকে বরিশাল অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও সমন্বয় প্রতিষ্ঠার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে অঞ্চল পরিচালকের দায়িত্ব পরিবর্তনের আনুষ্ঠানিক কারণ সম্পর্কে দলটির পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ মেয়াদের কেন্দ্রীয় নেতৃত্বে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে সহকারী সেক্রেটারি জেনারেল এবং অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে।

নতুন দায়িত্বে মতিউর রহমান আকন্দের নেতৃত্বে বরিশাল অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।