বরিশাল মহানগরী ও গৌরনদী এবং আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর রূপাতলী এলাকার আছমত আলী খান সড়কের বাসিন্দা হাসনাত হাওলাদারের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও জাগুয়া এলাকার ওমর আলীর ছেলে মিরাজ হোসেন (৪০), গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম টিটু, শ্রমিক লীগের গৌরনদী পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, মহিলা লীগের উপজেলা শাখার সদস্য সালমা আক্তার ছবি এবং স্বেচ্ছাসেবক লীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি ফিরোজ শিকদার।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আনোয়ার ও মিরাজ গত বছরের ৪ আগস্ট বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের দুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, চাঁদশী এলাকার বিএনপি নেতা বাচ্চু সরদার ও ফিরোজ হাওলাদারের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপর দিকে আগৈলঝাড়া থানার ওসি অলিউর রহমান জানান, আওয়ামী লীগের আমলে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাতুল ইসলামের ওপর গৈলা বাজারে বসে হামলা চালিয়ে তাঁকে আহত করে। এ ঘটনায় চলতি বছরের ১২ জানুয়ারি রাতুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার রাতে ফিরোজ সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।