বরগুনা ও ভোলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ
বরগুনা ও ভোলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

রাইজিং ডেস্ক:
বরগুনা ও ভোলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনার পাতাকাটা গ্রামে ও ভোলার সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হল, পাতাকাটা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) ও রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮) এবং জুমাইরিয়া (৩) ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির ইয়াছিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল জুনায়েদ ও ইয়াসিন। একপর্যায়ে হঠাৎ জুনায়েদ পা পিছলে পুকুরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বন্ধু ইয়াসিন তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়ে পানিতে। কিন্তু দুর্ভাগ্যবশত কেউই আর উঠতে পারেনি।

দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয় এবং দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত্যু নিশ্চিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিন সকাল আনুমানিক ৯-১০টার দিকে পরিবারের অগোচরে ঘর থেকে জুমাইরিয়া বের হয়ে পুকুরের পানিতে পরে যায়। পরে দীর্ঘ সময় মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সবাই। এরপর দুপুরে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।