কলাপাড়া সংবাদদাতা ॥
একটানা বৃষ্টির দিনে পটুয়াখালীর কলাপাড়ায় হাসপাতালগামী সড়ক যেন এক দুর্ভোগের নাম। সামান্য বৃষ্টিতেই জলকাদায় একাকার হয়ে পড়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দুইশ’ মিটার সড়ক। গর্তে পানি জমে কোথায় রাস্তা আর কোথায় গর্ত-তা বুঝে ওঠা দায়।
এই সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করেন শত শত রোগী, তাদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের কর্মীরা। অথচ বছরের পর বছর ধরে সড়কটির বেহাল দশা কাটছে না।
স্থানীয়দের অভিযোগ, একবার সংস্কার করলেও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় কিছুদিন পরই আবার আগের দশায় ফিরে যায় সড়কটি। বর্ষার মৌসুমে এই দুরবস্থা আরও প্রকট হয়ে ওঠে।
রাস্তার পাশে ডাব বিক্রি করেন শাহজাহান হাওলাদার। তিনি বলেন, এখানে যারা হাসপাতালে আসে, তারা সবচেয়ে বেশি ভোগে। গর্তে গাড়ি আটকে যায়, আবার অনেকে হাঁটতেও পারে না।
অটোরিকশাচালক সোহরাব হোসেন বলেন, এই রাস্তা দিয়ে যাত্রীরা যেতে চায় না। বেশি ঝাঁকুনি লাগে, গর্তে পড়ে গাড়ি নষ্ট হয়।
সড়কটি মূলত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হলেও, বিগত কয়েক বছর ধরে রক্ষণাবেক্ষণ করছে কলাপাড়া পৌরসভা। কিন্তু স্থানীয়দের মতে, মেরামতের কাজ টেকসই হয় না।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত সড়কটি মেরামতের ব্যবস্থা নেয়া হবে।
সড়কটির এমন অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, শহরের প্রবেশ মুখেই যদি এমন চিত্র হয়, তাহলে সার্বিক উন্নয়নের কথা কীভাবে ভাবা যায়? তারা টেকসই ও পরিকল্পিত মেরামতের দাবিও জানিয়েছেন।