কাশিপুরে শ্বশুর বাড়িতে চারদিন আটকে রাখা নিরাপত্তাকর্মীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ২৩:২৫ অপরাহ্ণ
কাশিপুরে শ্বশুর বাড়িতে চারদিন আটকে রাখা নিরাপত্তাকর্মীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর কাশীপুর এলাকায় জাকির গাজী নামের এক নিরাপত্তাকর্মীকে শ্বশুর বাড়িতে চারদিন আটকে রেখে নিযার্তন চালানোর অভিযোগ উঠেছে।

এসময় তার কাছ থেকে নগদ টাকা, খালি স্ট্যাম্পে ও চেকে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি জানতে পেরে জাকিরের পরিবার ৯৯৯ এ কল করলে এয়ারপোর্ট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রোববার বিকেল ৩টার দিকে কাশীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ পূর্ব বিল্লাবাড়ি এলাকার মৃত নজের শিকদারের বাড়ি থেকে জাকিরকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী জাকির গাজী কাশীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ পূর্ব বিল্লাবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আয়নাল গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে নিরাপত্তাকর্মীর কাজ করেন।

অভিযুক্তরা হলেন, ওই এলাকার মৃত নজের শিকদারের মেয়ে ও জাকির গাজীর স্ত্রী মুন্নি আক্তার, তার ভাই লিটু শিকদার, সুমন সিকদার, সুজন শিকদার।

আহত জাকির বলেন, গত ৪ দিন আগে বেরানোর জন্য শ্বশুর বাড়িতে যাই। সেখানে যাওয়া মাত্রই স্ত্রী মুন্নি বেগম ও শ্যালকরা আমাকে আটকিয়ে নগদ টাকা, জমি ও ব্যাংক চেক দিতে বলে এবং মোবাইল ফোন নিয়ে যায়।

এরপর ৪ দিন সেই বাড়িতে আটকে রেখে আমার ওপর নির্যাতন চালায় তারা। পিটিয়ে আমার একটি পা ভেঙে দেয় ও কারেন্ট শক দিয়ে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, খালি স্ট্যাম্পে ও চেকে সই নেয়।

ঘটনাস্থলে যাওয়া এয়ারপোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) শহীদুল বলেন, ৯৯৯ এ ফোনে জানতে পেরে জাকির গাজী নামের একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।