আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব: হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনও উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির বলেন, শিগগিরই প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাবেন। ওই সফরে শ্রমবাজারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতও প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গোলামি থেকে বের হয়েছে বাংলাদেশ, আর কখনো কোনো দেশের গোলামি করবে না বাংলাদেশ।’
তিনি বলেন, বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত কাউকে খুশি করার জন্য নয়, বরং দেশের চাহিদার কারণেই নেওয়া হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘আশা করছি আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধান করা যাবে।’
একই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ উপলক্ষে চার দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
তিনি বলেন, এসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু ও আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
মাহদী আমিন আরও বলেন, ‘পরম আন্তরিকতার সঙ্গে প্রতিটি দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছেন।’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।