আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটের যে ১০টি নিয়ম বদলে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
আইসিসি ক্রিকেটের খেলার নিয়মে নতুন কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মধ্যে আছে সময় নষ্ট ঠেকানো, বলের মাপ ঠিক করা এবং ফিল্ডিং নিয়ে স্পষ্ট ব্যাখ্যা। এ নিয়ম চালু হয়েছে ১ অক্টোবর ২০২৬ থেকে।
১ অক্টোবর বা তার পরে শুরু হওয়া সব আন্তর্জাতিক সিরিজে নতুন নিয়ম প্রযোজ্য হবে। যেসব সিরিজ আগে শুরু হয়েছে, সেগুলো পুরোনো নিয়মেই চলবে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। ছেলে ও মেয়েদের সব ফরম্যাটের হালনাগাদ নিয়ম আইসিসির ওয়েবসাইটের রুলস অ্যান্ড রেগুলেশনস অংশে পাওয়া যাবে। এসব নিয়মে এমসিসির ক্রিকেট আইনের আজ থেকে কার্যকর পরিবর্তনও যুক্ত হয়েছে।
আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, ‘খেলার শর্তে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এর মধ্যে আছে ক্রিকেট বলসংক্রান্ত নিয়ম, ফিল্ডিংয়ের কিছু বিষয়ে আরও স্পষ্টতা এবং খেলার গতি বাড়ানোর ব্যবস্থা।’ তিনি আরও বলেন, ‘এই পরিবর্তনগুলো খুব ভেবেচিন্তে করা হয়েছে, যাতে খেলার শর্ত আধুনিক খেলার প্রয়োজন মেটায় এবং একই সঙ্গে খেলার সততা ও ধারাবাহিকতা বজায় থাকে।’
পরিবর্তন আসছে সব ফরম্যাটের নিয়মে
১। ব্যাটারদের সময় নষ্টের নিয়ম আরও পরিষ্কার করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাটার বল খেলতে প্রস্তুত না হলে প্রথমবার সতর্কবার্তা দেওয়া হবে। দ্বিতীয়বার দেওয়া হবে চূড়ান্ত সতর্কবার্তা। তৃতীয়বার এবং এর পরের প্রতিবার ফিল্ডিং দল ৫ রান পাবে। বারবার এমন করলে আচরণবিধির ধারাও প্রয়োগ হতে পারে।