আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ২৩:১১ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্য গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিবেদক ॥

আগৈলঝাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

এঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ কটুক্তিকারী তমাল বৈদ্যকে গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের তাপস বৈদ্যের ছেলে তমাল বৈদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করেন। এঘটনা নিয়ে এলাকায় স্থানীয়রা একাধিকবার শালীস-বৈঠকে বসলেও যুবকদের বাধার কারনে শালীস-মিমাংসা করতে পারেনি।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তির ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে বুধবার রাতে স্থানীয় জনতা কটুক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাংতা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হকসহ স্থানীয়রা। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন সরদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

পরে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত কটুক্তিকারী তমাল বৈদ্যকে ওই দিন রাতেই গ্রেফতার করেন।

ওসি অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।