৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০২

বিদ্যুৎস্পর্শে সাবেক সংসদ সদস্য প্রার্থীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ২০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামে মসজিদের সাবেক খতিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।

জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে প্রথমে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে তা প্রত্যাহার করে নেন। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিদ্যুৎস্পর্শের এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায় বলে জানান তার জামাতা ডা. হিমেল।

ডা. হিমেল জানান, বুধবার রাতের কোনো এক সময়ে বিদ্যুৎস্পর্শে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শ্ববর্তী একটি ফসলি ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নে। পরিবার নিয়ে তিনি ঘাটাইল পৌর কলেজ রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত ছিলেন।

ইসলামী শিক্ষায় সুদক্ষ এই আলেম একাধারে একজন মুহাদ্দিস ও বিজ্ঞ ইসলামিক চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। বুধবার সন্ধ্যার পর থেকে সারারাত তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটির সংযোগ বন্ধ পাওয়া যায় বলে জানান ডা. হিমেল।

কাকরাজান এলাকার স্থানীয়রা জানান, তার বসতবাড়ির পাশে নিজস্ব একটি ফসলি ক্ষেতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্রে তড়িতায়িত হয়ে বুধবার রাতের কোনো এক সময়ে তিনি মৃত্যুবরণ করেন।

পরে বাড়ির পাশের ওই ক্ষেত থেকে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের আকস্মিক মৃত্যুতে ঘাটাইলের আলেম সমাজ ও সচেতন মহল, রাজনৈতিক অঙ্গন এবং তার ভক্ত ও অনুসারীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর কাকরাজান এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছিল। পরবর্তী সময়ে সংগঠনটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন এবং সম্প্রতি এক সভায় ওই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসিরকে সমর্থন জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo