৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০২

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। পরে জামায়াতের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ছাড়া বিএনপির রানা আলীর নেতৃত্বে ১৫ জন এবং গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ১৮ জন জামায়াতে যোগদান করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন সেক্রেটারি গোলাম রসুল ,সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডাক্তার আহমদ মনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলি জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা ও কাজে মিল না থাকায় জামায়াতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকব। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাব না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করব।

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সবাই যোগদান করেছেন। ভালোর সঙ্গে থাকার জন্য সবাইকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo