

নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবীন হালদার উজিরপুর থানার বাসিন্দা এবং নিগাম হালদারের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন হালদার স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে মোটরসাইকেল যোগে উজিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথি মধ্যে আউলিয়াপুর সড়কে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী নবীন সড়কে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার মাথার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হয় এবং চালক পালিয়ে যায় বলে জানান। এ ঘটনায় নবীনের স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দূর্ঘটনার পর সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্টি হওয়া যানজট স্বাভাবিক করে দেয় এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।