৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৯

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৯ সংবাদটি পঠিত

রাইজিং ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমাদের দৃশ্যমান সংস্কার দেখাতে হবে। খুনিদের, জালেমদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার আমরা দেখব এরপর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। সরকার নির্বাচনের ঘোষণা দিলেও লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি। রাস্তাঘাটে যে ধরণের তাণ্ডব দেখছি। সোহাগের মতো ছেলেকে পাথর মেরে দিয়ে নির্মমভাবে মারা হচ্ছে। সাংবাদিকরাও নিরাপত্তা পাচ্ছে না।

মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরা শহরের নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি বড় দল গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজীর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বস্তায় ভরে চুপ করে বসে আছে। এই কালো টাকা তারা নির্বাচনের সময় ব্যবহার করবে। এই কালো টাকার মাধ্যমে গুণ্ডা তৈরি করবে, সুন্দর পরিবেশকে অসুন্দর করবে। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে দেশের ৩০ থেকে ৪০ শতাংশ ভোট নিয়েই সরকার গঠন করা যায়। সেখানে ৬০ থেকে ৭০ ভাগ মানুষের মতামত উপেক্ষিত থাকে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। কেউ স্বৈরাচার, ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরসহ আরও অনেকে।

সমাবেশ শেষে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম ও মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঘোষণা করেন আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo