৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৩

মিছিল শেষে ফেরার পথে বাসচাপায় ইসলামী আন্দোলন নেতা নিহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৮ সংবাদটি পঠিত

আমতলী সংবাদদাতা ॥
গণঅভ্যুত্থানের বর্ষপূতির মিছিল শেষে বাড়ি ফেরার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা বাসচাপায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার ঘটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মাওলানা রেজাউল করিম (৪৫)। তিনি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক। আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার আইসিটি বিভাগের প্রভাষক ছিলেন তিনি।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ চালকসহ বাসটিকে আটক করলে রাত নয়টার দিকে সড়ক অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল মঙ্গলবার ৫টায় আমতলী পৌরসভায় এক সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার ঘটখালী পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ছান্দা পরিবহনের বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়।

এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়লে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক নামে আরেকজন আহত হন।

ইসলামী আন্দোলনের আমতলীর সভাপতি মাওলানা ওমর ফারুখ জানান, অবরোধ তুলে নেয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মহিপুর থানা পুলিশের সহায়তায় ঘাতক বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo