

বাউফল সংবাদদাতা ॥
পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরার ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ হন জেলে ইমরান শরীফ (২২)। নিখোঁজের তিন দিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার ভোরে কালাইয়া খালগোড়ার চরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
নিহত ইমরান উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের মনির শরীফের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে ইমরান মাছ ধরার ছোট ট্রলার নিয়ে নিমদীঘাট থেকে কালাইয়া লঞ্চঘাটের দিকে যাচ্ছিলেন। কচুয়া মুন্সিবাড়ি এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়েন তিনি।
ওই সময় ট্রলার থেকে পড়ে যান ইমরান। পরে মানুষবিহীন ট্রলার ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে শুক্রবার বিকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ ও স্থানীয় জেলেরা তেঁতুলিয়া নদীতে অভিযান শুরু করে। তবে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
ইমরানের চাচা মাসুম বিল্লাহ বলেন, সে চন্দ্রদ্বীপ থেকে মাছ নিয়ে নিমদীঘাটে যায়। আড়তে মাছ দিয়ে বরফের নেওয়ার জন্য কালাইয়া লঞ্চের দিকে রওনা হয়। বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। কচুয়া মুন্সি বাড়ি অতিক্রম করার সময় তুফানের কারণে ট্রলার থেকে ছিটকে পড়ে যায় সে।
ওর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে নদীতে ভাসতে থাকে। নদীর অন্য জেলেদের কাছে খবর পেয়ে আমরা পরিবারের লোকজন নদীতে যাই।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবু বকর সিদ্দিক বলেন, টানা দুদিন অভিযান চালিয়েও ইমরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার ভোরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে আমাদেরকে জানায়।