৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৮

ভোলায় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৯ সংবাদটি পঠিত

ভোলা সংবাদদাতা ॥
ভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। তাঁরা দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য বলে কোস্টগার্ড জানিয়েছে।

রোববার সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার বিকেলে ও শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলী ঘাট ও দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুজন (৩৫), জাকির (৪৮), সোহাগ (২৪), আল আমিন (৪০), শাহ আলী (৬০), হানিফ ফরাজী (৬১), শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)। তাঁরা ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানিয়েছে, বেশ কিছুদিন ধরে দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং আশপাশের চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
অভিযোগে ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করা হয়।

পরে আটক ডাকাত সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে বেলা ৩টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ আরও পাঁচ ডাকাতকে আটক করা হয়।

সিয়াম-উল-হক জানান, জব্দ অস্ত্র ও আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ জানান, আটক ডাকাতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আটক তিন ডাকাত সদস্যকে থানায় হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo