

অনলাইন ডেক্সঃ
একটি দল চায় নির্বাচনকে বানচাল করতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।
জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। ছবি: সময় সংবাদ
উজ্জল চক্রবর্তী
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কসবায় উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
সচিবালয়ে ঢুকে পড়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের বিএনপিকে সতর্ক থাকতে হবে।’
মুশফিক বলেন, ‘পাশের দেশ ভারত আমাদের মঙ্গল কামনা করে না। আমাদের মঙ্গল আমাদের চিন্তা করতে হবে। আর সেই মঙ্গল আসবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আর নির্বাচন ইনশাআল্লাহ হবে। যে যত চেষ্টাই করুক নির্বাচন বানচাল করতে পারবে না।’
পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে মুশফিকুর রহমান বলেন, ‘বিএনপি পিআর পদ্ধতি মানে না, চায় না। বিএনপি চায়, সার্বজনীন ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হোক। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সরকারের স্থায়িত্ব হবে না। অস্থায়ী হয়ে যাবে। ৩০টি দলের ৩০ রকমের প্রার্থী বের হয়ে আসবে। যে যার ইচ্ছা তাকেই ভোট দেবে। যদি জনগণ আমাদের ভোট দেয়, আমরা ক্ষমতায় আসব। না হয় অন্য কেউ আসবে।’
তিনি আরও বলেন, ‘দুই কক্ষ বিশিষ্ট সংসদ এটা বিএনপির প্রস্তাব। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। আর সেটা হোক নির্বাচনের মাধ্যমে।’
কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কসবা পৌরসভার সাবেক মেয়র মো. ইলিয়াসের সভাপতিত্বে
সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপি সদস্য বিল্লাল খন্দকার প্রমুখ বক্তব্য রাখেন।