৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০১

স্বাস্থ্য কর্মকর্তার বদলী ঠেকাতে মহাসড়ক অবরোধের জেরে সংঘর্ষে আহত ১৫

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৪ সংবাদটি পঠিত

গৌরনদী সংবাদদাতা:

বহুল বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলী করেছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।

তার বদলী ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে লোকজন জড়ো করে মহাসড়ক অবরোধ করানো হয়েছিলো। এতে একাধিক অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীসহ দুরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।

এসময় মুমূর্ষ রোগীবহনকারী অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা একত্রিত হয়ে ভাড়াটিয়া লোকজনের ওপর পাল্টা হামলা চালিয়ে মহাসড়ক থেকে তাদের তাড়িয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার আশোকাঠী বাসষ্ট্যান্ডে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা, টেস্ট বাণিজ্যসহ বিস্তার অভিযোগের ভিত্তিত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে সর্বস্তরের জনতার ব্যানারে ভূক্তভোগীরা ১৪ জুলাই সকালে মানববন্ধন ও বিক্ষোভ করে তার কুশপুত্তলিকা দাহ করেন।

একইদিন সন্ধ্যায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে গৌরনদী থেকে বদলী করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে চলতি দায়িত্বে থাকা পরিচালক প্রশাসন ডা. এবিএম আবু হানিফের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বদলীর বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির লেকচারার হিসেবে বদলী করা হয়।

পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি (অতিরিক্ত) সহকারী সার্জন মেডিক্যাল অফিসার মো. শাহতা জারাব সালেহিনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে স্ব-স্ব কর্মকর্তাকে তাদের বদলীকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

সূত্রমতে, ১৪ জুলাই উপজেলা হাসপাতালের সামনে মানববন্ধন চলাকালীন বির্তকিত চিকিৎসক মনিরুজ্জামানের পছন্দের স্থানীয় নাম সর্বস্ত্র ডায়াগনস্টিক সেন্টারের দালালরা উদ্দেশ্যহীনভাবে মানববন্ধনের সামনে একাধিকবার মহড়া দেয়। এতে আন্দোলনকারীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠলে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যায় বির্তকিত চিকিৎসক মনিরুজ্জামান।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ অভিযোগ করেন, বদলীকৃত বহুল বির্তকিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বদলী ঠেকাতে স্থানীয় কতিপয় ডায়াগনস্টিক সেন্টারের দালালের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত সরিকল ও নলচিড়া ইউনিয়ন থেকে জনপ্রতি এক হাজার টাকা করে দিয়ে ভাড়াটিয়া লোকজন জড়ো করা হয়।

এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চাঁপ প্রয়োগ করে হাসপাতাল থেকে বের করে এনে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ওইসব ভাড়াটিয়া লোকজনের সাথে ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর আশোকাঠী বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়েছিলো।
এতে অ্যাম্বুলেন্সে একাধিক মুমূর্ষ রোগীসহ দুরপাল্লার বিভিন্ন যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়।

স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি কাজী সোহাগ জানান, মহাসড়ক অবরোধের ফলে আটকা পরা মুমূর্ষ রোগীবহনকারী অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেওয়ার অনুরোধ করেন স্থানীয় যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ক্ষিপ্ত হয়ে ভাড়াটিয়া লোকজনে আকস্মিকভাবে হামলা চালিয়ে তাকেসহ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ সেলিম ও ছাত্রদল নেতা পারভেজ আকনসহ পাঁচজনকে মারধর করে।

এরমধ্যে রক্তাক্ত জখম হওয়া পারভেজ আকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পরলে এলাকাবাসী একজোট হয়ে মহাসড়ক অবরোধ করা ভাড়াটিয়া লোকজনের ওপর হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

পরবর্তীতে এলাকাবাসী উপজেলা হাসপাতালের সামনে এক প্রতিবাদ সভা করে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অনতিবিলম্বে পুরো হাসপাতাল থেকে কতিপয় চিকিৎসকের গড়ে তোলা দালাল সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নামসর্বস্ত্র ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বদলী হওয়া ডা. মনিরুজ্জামানের পক্ষ নিয়ে অবরোধ কর্মসূচীতে অংশগ্রহন করা গৌরনদী পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন পাইক বলেন, কর্মসূচী পালনের সময় হামলায় আমাদের পক্ষের নারীসহ ১০ জন কমবেশি আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হঠাৎ বদলীর বিষয়টি পূর্নবিবেচনার জন্য আমরা হাসপাতালের সামনে ৫-৭ মিনিটের জন্য অবস্থান নিয়েছিলাম। পরে হাসপাতালে ফিরে এসে রোগীদের চিকিৎসা দিয়েছি। কর্মসূচী পালনের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

ঘটনাস্থলে উপস্থিত গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, আকস্মিক হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo