

ভোলা সংবাদদাতা ॥
ভোলার তজুমদ্দিনে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন ফরাজি (২৮) ও রাসেল (৩২)। মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারে থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর (২৫) স্বামী মারা গেছেন, বাবার বাড়িতে থাকেন। ১০ জুন রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। তাঁর মা ও ভাই বাড়িতে ছিলেন না। রাতে টয়লেটে যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। তখন গিয়াস উদ্দিন ও রাসেল তাঁকে জোর করে তুলে নিয়ে যান।
গিয়াস উদ্দিন ধর্ষণ করেন ও রাসেল ভিডিও ধারণ করেন। পরে তাঁকে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। রাজি না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গত রোববার তজুমদ্দিন থানায় মামলা করেন। মামলার বাদী বলেন, তিনি বিষয়টি জানতে পেরে মানসম্মানের ভয়ে এত দিন কিছু বলেননি।
কিন্তু রাস্তায় বের হলে আসামিরা তাঁকে আকার-ইঙ্গিতে নানা কিছু বলতেন। বোনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাঁদের অতিষ্ঠ করে তোলেন। তাঁকে গাঁজা-মাদক দিয়ে ধরিয়ে দেবেন বলেও হুমকি দেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খাঁ বলেন, মামলার করার পর সোমবার সকালে ওই নারীকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হন। পরে তিনি আদালতে জবানবন্দি দেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।