৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:১২

বরিশালেই ইলিশের হাহাকার,মণ লাখ টাকার ওপরে

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭৯ সংবাদটি পঠিত

রাইজিং ডেস্কঃ

‘ইলিশের রাজধানী’ নামে খ্যাত বরিশালেই এখন ইলিশের তীব্র সংকট দেখা দিয়েছে। বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার পোর্ট রোডে ইলিশের সরবরাহ নেমে এসেছে মাত্র ২০ মণে। ফলে বাজারে দাম লাফিয়ে বেড়ে এখন প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে এক লাখ ১২ হাজার টাকায়। কেজিপ্রতি দাম পড়ছে ১৭৫০ থেকে ২৮০০ টাকার মতো।

শনিবার সরেজমিনে দেখা যায়, পোর্ট রোড আড়ত কার্যত ইলিশশূন্য। কাজ না থাকায় আড়তের শ্রমিকরা অলস সময় কাটাচ্ছেন। কেউ গল্পে, কেউ কেরাম খেলায় ব্যস্ত। ক্রেতারা এসে ইলিশ না পেয়ে বাধ্য হয়ে দেশি মাছের দিকে ঝুঁকছেন, তবে সেগুলোর দামও এখন নাগালের বাইরে।
পোর্ট রোড আক্তার মৎস্য আড়তের আড়তদার আক্তার হোসেন বলেন, “৪০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ প্রতিমণ বিক্রি হচ্ছে ৭০ হাজার টাকায়। ৮০০-৯০০ গ্রাম সাইজের ইলিশের দাম এক লাখ টাকা, এক কেজির ওপরের ইলিশ এক লাখ আট হাজার থেকে এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।”

আরেক ব্যবসায়ী ইয়ার হোসেন বলেন, “২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত সরবরাহ ভালো ছিল, দাম কিছুটা কমেও এসেছিল। কিন্তু জুলাইয়ের শুরু থেকেই মাছ নেই বললেই চলে। এখন প্রতিদিন যেখানে ৩০০ মণ আসতো, সেখানে শনিবার এসেছে মাত্র ২০ মণ। তাই দামও হু হু করে বাড়ছে।”

তিনি আরও বলেন, “বড় আকারের ইলিশের দাম গত ১০ দিনের ব্যবধানে প্রতি মণে ১২ থেকে ৩০ হাজার টাকা বেড়েছে। এমন চলতে থাকলে সাধারণ মানুষ তো দূরে থাক, মধ্যবিত্তেরও পক্ষে ইলিশ কেনা কষ্টকর হয়ে পড়বে।”

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপণ কান্তি ঘোষ বলেন, “আগে বরিশালে হাজার হাজার মণ ইলিশ আসতো। এখন পদ্মা সেতুর কারণে পটুয়াখালীর মহিপুর, বরগুনার পাথরঘাটা, এমনকি ভোলার মাছও সরাসরি ঢাকায় চলে যাচ্ছে। চাঁদপুরেও যাচ্ছে অনেক মাছ। ফলে বরিশালের বাজারে এখন শুধু স্থানীয় নদীর মাছই পাওয়া যাচ্ছে, তাই দামও বেশি।”

ব্যবসায়ীরা বলছেন, নদী-সাগরে মাছ ধরা কম, তার উপর নিম্নচাপের প্রভাব-সব মিলিয়ে জেলেদের জালে তেমন ইলিশ উঠছে না। তাই বাজারে সরবরাহ কম, দাম চড়া। তারা আশঙ্কা করছেন, এই ধারা অব্যাহত থাকলে নিম্ন আয়ের মানুষের ইলিশ খাওয়ার স্বপ্ন কেবল স্বপ্নই রয়ে যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo