৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫২

পটুয়াখালীতে নিখোঁজের ২৮ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৫ সংবাদটি পঠিত

রাঙ্গাবালী সংবাদদাতা ॥
পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া জেলে আলআমিনের (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারে অংশ নেয় পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌপুলিশ। উদ্ধারের পর লাশটি চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, চরমোন্তাজ লঞ্চঘাট থেকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় লাশটি বুড়াগৌরাঙ্গ নদীতে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার মজিবুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে নদীতে ভাসছিল লাশটি। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ আলআমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের শিরাজ খানের ছেলে।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে নদীতে পড়ে যান আলআমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে।

ঘটনার পরপরই সহকর্মী জেলে এবং নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। পরে পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড অভিযানে যোগ দেন। আলো সল্পতার কারণে সোমবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকাল থেকে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌপুলিশ অভিযানে নামে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo