৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ১৫

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫০ সংবাদটি পঠিত

রাইজিং ডেক্স

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে শিশুসহ অন্তত ১৫ জন।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় মেলকাই নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ার পাড় মেলকাই নামকস্থানে অপরদিক থেকে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে দুই বাস চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ঝালকাঠির কাঠালিয়া থানার রিন্টু হাওলাদারের স্ত্রী জাহানারা (৪৫), তার ছেলে নবীন (২৩) ও এক বছরের শিশু ছেলে আবু জাফর, বরগুনা সদর থানার আলমের ছেলে সজীব (২৪), বরিশালের বাকেরগঞ্জ থানার গাভীখোলা গ্রামের জয়নাল শিকদারের ছেলে কামরুল হাসান (৩৪), পটুয়াখালীর দশমিনা থানার সুমনের স্ত্রী কাজল (৩০), একই থানার কাটাখালী গ্রামের রাশেদের ছেলে জুনায়েদ (১১) এবং পিরোজপুরের কাউখালি থানার নগেন্দ্রনাথের ছেলে তারাপদ শিকদারকে (৭০) কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া বাকি আহতরা বিভিন্ন ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।

এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুইটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার বৌলগ্রামে দুইটি যাত্রীবাহী বাস এবং যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের আলাদা দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনায়ও প্রায় ৩০ জনের বেশি যাত্রী আহত হন। এছাড়া প্রায় সময়ই ছোট খাট দুর্ঘটনা ঘটে চলেছে এ মহাসড়কটিতে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo