

রাইজিং ডেস্ক
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩৯ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত ২০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ রয়েছেন ১৯ জন, যাদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার করিমবাজার সংলগ্ন ডুবার চর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, একজন রোহিঙ্গা রোগী, আনসার সদস্য এবং বিভিন্ন এনজিও সংস্থার কর্মীদের নিয়ে ৩৯ জন যাত্রী একটি ট্রলারে করে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন।
যাত্রাপথে ভাসানচর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার অগ্রসর হলে করিমবাজার সংলগ্ন ডুবার চরের মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করেন ভাসানচর থানার ওসি কুতুব উদ্দিন।
হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন। যাদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।