

আমতলী প্রতিনিধি
বরগুনার তালতলীতে জাম খাওয়ানোর কথা বলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের করমজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে ওই দিন রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার এজহার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভোক্তভোগী শিশুটি সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা গাছ থেকে জাম পাড়ছিল।এ সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান গাছ থেকে জাম পেড়ে খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে মুখ চেপে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির সহপাঠীরা তাকে খুঁজতে গেলে বিষয়টি দেখতে পান। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সিদ্দিকুর। এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ভোক্তভোগী শিশুটির মা জানান, রাস্তার পাশের গাছ থেকে জাম পেড়ে খাওয়ানোর কথা বলে আমার মেয়েকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বৃদ্ধ সিদ্দিকুর রহমান ধর্ষণ করেছে। বাড়িতে ফিরে আমার মেয়ে আমাকে সব বলে দিয়েছে। আমি আমার মেয়ের সর্বনাশকারীর কঠিন বিচার চাই।
শিশু ধর্ষণের অভিযোগের বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, একটি শিশুকে ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে গতকাল সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন।পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।