

আগৈলঝাড়া প্রতিনিধি ॥
আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু-গ্রুপের মধ্যে সংর্ঘষে আহত হয়েছে ৫জন।
গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
উভয়পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বিবাহ, সুন্নতে খৎনা, ও শিশু ভুমিষ্ট হলে দীর্ঘদিন যাবৎ বাকাল ও রাজিহার ইউনিয়নে টাকা উত্তোলন করেন রিনা হিজড়ার দল।
অন্যদিকে রত্নপুর, বাগধা ও গৈলা ইউনিয়নে টাকা উত্তোলন করেন পায়েল হিজড়ার দল। গতকাল বৃহস্পতিবার সকালে রিনা হিজড়ার নিয়ন্ত্রিত বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় পায়েল হিজড়ার দল গেলে বাধাঁ দেয় রিনা হিজড়ার দল।
এ নিয়ে দু-পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষে উভয় পক্ষের রিনা হিজড়া, শাহীনুর, ফিরকী ও শাহনাজ হিজড়াসহ ৫জন আহত হয়েছে।
আহত চারজন হিজড়াকে উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি করা হয়েছে। এ সংবাদ জানতে পেরে আগৈলঝাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে পায়েল হিজরা জানান, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানেনা। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে রিনা হিজড়ার দল আমাদের সাথে থাকা বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে হামলা করে আহত করেছে।
অপরদিকে রিনা হিজড়া জানান, বাকাল ইউনিয়ন আমার নিয়ন্ত্রিত এলাকা এখানে পায়েল হিজড়ার দল আসায় আমরা বাধা দিলে আমাদের উপর হামলার ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, এসআই সোহরাফ হোসেনকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।