৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৯

মাদকাসক্ত ছেলেকে ঘরে আটক, দরজা খুলে দেওয়ার পর মাকে হত্যা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৮ সংবাদটি পঠিত

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৪ মে) ভোরে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।নিহত শামসুন্নাহার (৭০) উপজেলার বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরুল হক মাস্টারের দ্বিতীয় সংসারে দুই ছেলে। বড় ছেলে প্রবাসে থাকেন এবং ছোট ছেলে জাবেরকে নিয়ে বাড়িতেই থাকেন স্ত্রী শামসুন্নাহার। মাদকের টাকার জন্য প্রায়ই মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন জাবের। এরই জের ধরে গত বৃহস্পতিবার সকাল থেকে তাকে বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়।গতকাল রবিবার ভোরে অনেক আকুতি-মিনতির পর দরজা খুলে দেন শামসুন্নাহার। সঙ্গে সঙ্গে জাবের তার মাকে টেনে ঘরের ভেতরে নিয়ে যান। পরে দরজার হাতল দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই শামসুন্নাহার মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত ছেলে জাবের হোসেনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত দুই দিন তাকে আটকে রাখেন মা। আজ ভোরে মায়া করে দরজা খুলে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে দরজার হাতলের সঙ্গে মায়ের মাথা ঠুকিয়ে ঠুকিয়ে আঘাত করে হত্যা করেন।
তিনি আরো বলেন, এর আগে জাবের হোসেনকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করান মা। তাতেও কাজ হয়নি।নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে মো. খলিলুল্লাহ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo