৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৫

বরিশালে ক্লিনিকের এসি খুলতেই বের হলো ৪ ফুটের কালনাগিনী!

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। হঠাৎ এ ঘটনায় ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাগরদী এলাকায় অবস্থিত বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে রোববার দুপুরে একটি এসি খুলে অন্যত্র স্থানান্তরের কাজ করছিলেন কর্মীরা। কাজের একপর্যায়ে এসির ভেতরে সাপ দেখতে পেয়ে তারা চমকে ওঠেন।

এ ঘটনায় ক্লিনিকের কর্মচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত উদ্ধারকারীদের জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।

দীর্ঘ সময় সতর্কতার সঙ্গে অনুসন্ধান চালিয়ে এসির ভেতর থেকে একটি পূর্ণবয়স্ক কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকালে এসির বিভিন্ন অংশ খুলে পরীক্ষা করা হয়। সাপটি নিরাপদে বের করার পর ক্লিনিক এলাকায় স্বস্তি ফিরে আসে।

বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকের মালিক ডা. এসএম আবুল হাসান বলেন, এসি খুলতে গিয়ে সাপ দেখতে পাওয়ার পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে দ্রুত উদ্ধারকারী দলের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, দীর্ঘ সময় ধরে সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। এটি প্রাপ্তবয়স্ক হলেও মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর নয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ক্লিনিকের পেছনের ঝোপঝাড় থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা অংশ দিয়ে সাপটি ভেতরে ঢুকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও কয়েকজন কর্মচারী দুটি সাপ দেখার দাবি করলেও অভিযানে একটি সাপই পাওয়া যায়। উদ্ধার হওয়া সাপটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান উদ্ধারকারী দলের সদস্যরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo