

অনলাইন ডেক্সঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার এটি স্বীকার করে না। তিনি বলেন, যারাই সরকারে আসে, তারা ক্ষমতায় বসেই বলে আগের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো! আসলে এটা একটা ধোঁকাবাজি এবং জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই না।
তিনি প্রশ্ন রেখে বলেন, এতই যদি ভালো পরিস্থিতি হয়, তবে মানুষের নিরাপত্তা নেই কেন? ঘরে-বাহিরে কিংবা কর্মস্থলে কোথাও কেউ নিরাপদ নয়। প্রতিটি মানুষ শঙ্কিত এবং উদ্বিগ্ন।
মঙ্গলবার (১৯ মে) রাতে শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে যান জামায়াত আমির। সেখান থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, চিকিৎসকদের যদি নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়, তবে চিকিৎসক সমাজ চিকিৎসা সেবা দিতে পারবে না। এতে সামগ্রিকভাবে রাষ্ট্র এবং জনগণ ক্ষতিগ্রস্ত হবে। রাষ্ট্র ও জনগণকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।