

মিরাজ হোসেনঃ
জনপ্রিয় টিভি নাটক ও বিজ্ঞাপন নির্মাতা, দীর্ঘ বিরতির পর ‘তাজমহল’ ওয়েব ফিল্মের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন বরিশালের কৃতি সন্তান ওয়াহিদ আনাম।এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম।

ওয়াহিদ আনাম জানিয়েছেন, তাজমহলের শুটিং শুরু হবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে। কোরবানির ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হচ্ছে ওয়েব ফিল্মটি। সিলেট সীমান্তবর্তী এলাকার গল্প। তাই শুটিং হবে ওই এলাকায়। এতে কারা অভিনয় করবেন, তা এখনই প্রকাশ করতে চাইলেন না ওয়াহিদ আনাম। শুধু বললেন, ‘কাস্টিংয়ে সারপ্রাইজ থাকবে।’শিগগিরই বঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম।

তিনি আরও জানান, দীর্ঘ বিরতির কারণ জানিয়ে বলেন, ‘মাঝে বেশ কিছু বছর ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। বরিশালেই থাকতাম বেশির ভাগ সময়। পরিচালনার কাজে অনেক সময় দিতে হয়, একসঙ্গে একাধিক কাজ করা যায় না। ব্যবসা-বাণিজ্য গুছিয়ে আনতে কিছুটা সময় লেগে গেল। অবশেষে আবার ফিরে এলাম নির্মাণে। তাজমহল ওয়েব ফিল্মটি পিওর রোমান্টিক গল্প। সিলেটের বর্ডারে শুটিং করার পরিকল্পনা করছি।’

২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন, তিনি বরিশাল বিভাগের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করছেন।একসময় টিভি নাটকে নিয়মিত কাজ করেছেন ওয়াহিদ আনাম। বানিয়েছেন বেশ কিছু আলোচিত টিভি নাটক ও টেলিফিল্ম। তাঁর বেশির ভাগ কাজে উঠে এসেছে গ্রাম-মফস্বলের প্রেম-সংসার-স্বপ্ন, নারীর সংগ্রাম আর প্রতারণার গল্প। পাড়ি’, ‘ছিন্ন’, ‘চক্র’-এর মতো টেলিফিল্ম ও নাটক নির্মাণ করে খ্যাতি অর্জন করেন ওয়াহিদ আনাম।
