বরিশালে কিশোর গ্যাং ও মাদকবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৬, ২৩:১২ অপরাহ্ণ
বরিশাল নগরীতে মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে এয়ারপোর্ট থানার বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়। এ সময় কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, কাশিপুর ট্রাকস্ট্যান্ড ও কাশিপুর হাতেম মিরার দিঘীরপাড়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল জানায়, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী এ ধরনের অভিযান সমগ্র মহানগরীজুড়ে অব্যাহত রয়েছে।